ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছর পূর্তিতে “বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড” দেয়া হবে। গত মঙ্গলবার রাতে ৫০ বছর পূর্তি উদযাপন কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি ও ৫০ বছর পূর্তি উদযাপন কমিটির আহবায়ক জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ৫০ বছর পূর্তি উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ বাহারুল ইসলাম মোল্লা, প্রেস ক্লাবের সহ-সভাপতি ও উদযাপন কমিটির সদস্য মোঃ ইব্রাহিম খান সাদাত, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও উদযাপন কমিটির সদস্য সৈয়দ রিয়াজ আহমেদ অপু, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও উদযাপন কমিটির সদস্য মোশাররফ হোসেন বেলাল, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও উদযাপন কমিটির সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ, প্রেস ক্লাবের সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক ও উদযাপন কমিটির সদস্য মোজাম্মেল চৌধুরী এবং প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য ও উদযাপন কমিটির সদস্য শাহজাহান সাজু প্রমুখ।
সভায় নানা আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে ৫০ বছর পূর্তি উদযাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় কৃষি ও পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও উন্নয়ন এবং অপরাধ, দূর্নীতি ও আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য ৩টি ক্যাটাগরিতে সেরা তিন সাংবাদিককে পুরষ্কার দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলার সকল সাংবাদিক এতে অংশ গ্রহণ করতে পারবেন।
জাতীয় পর্যায়ের সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালে ২০২৫ সালের ১ জুলাই থেকে জুন’ ২০২৬ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার সাংবাদিকদের প্রকাশিত প্রতিবেদন পুরস্কারের জন্য বিবেচিত হবে। বিশেষ/ অনুসন্ধানী/ এক্সক্লুসিভ প্রতিবেদন আগামী ৩০ জুলাইয়ের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে জমা দিতে হবে।
