ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস-এলপিজি) ব্যবহারে স্বস্তি ফিরিয়ে আনতে ১২ কেজি সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ৮৮৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিইআরসি নতুন মূল্য ঘোষণা করে জানায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই এই নতুন দাম কার্যকর হবে।
শুধু গৃহস্থালি এলপিজিই নয়, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অটোগ্যাসের খুচরা মূল্য লিটারপ্রতি ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববাজারে এলপিজির মূল্যহ্রাস এবং আন্তর্জাতিক সৌদি আরামকোর (Saudi CP) মাসিক মূল্য সমন্বয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বিইআরসি প্রতি মাসে দেশের এলপিজির মূল্য পুনর্নির্ধারণ করে থাকে। সেই ধারাবাহিকতায় চলতি মাসে ভোক্তাদের জন্য বড় ধরনের মূল্যছাড় ঘোষণা করা হয়েছে।
এর আগে গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। একই সময়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন মূল্য কার্যকর হওয়ায় গৃহস্থালি পর্যায়ে রান্নার খরচ কমবে এবং অটোগ্যাসচালিত যানবাহনের পরিচালন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তবে ভোক্তা পর্যায়ে এই মূল্যছাড় বাস্তবায়নে বাজার তদারকি জোরদারের ওপরও গুরুত্বারোপ করেছেন তারা।