নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের বাইঞ্জা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে নগদ অর্থ, আসবাবপত্র ও গৃহস্থালির মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
বুধবার (১ জুলাই) সন্ধ্যায় উপজেলার আকন্দবাড়ি এলাকায় লিটন মিয়া আকন্দের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হঠাৎ লিটন মিয়ার টিনশেড বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং পাশের রান্নাঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত লিটন মিয়া জানান, আগুনে ঘরে রাখা প্রায় দুই লাখ টাকা নগদ অর্থ, একটি ফ্রিজ, খাট, এলইডি টেলিভিশন, প্রয়োজনীয় আসবাবপত্র এবং অন্যান্য মালামাল পুড়ে গেছে। তার দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
তবে আগুন লাগার কারণ নিয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা ভিন্ন দাবি করেছেন।
প্রতিবেশী বিপ্লব আকন্দ ও চন্দন আকন্দের অভিযোগ, লিটন মিয়ার স্ত্রী হাসিনা বেগম দীর্ঘদিন ধরে ঘরের ভেতরে ঝাড়ফুঁকের কার্যক্রম পরিচালনা করতেন। তাদের দাবি, ঘটনার দিন সন্ধ্যায় ওই কার্যক্রমে ব্যবহৃত একটি জ্বালানো মোমবাতি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে এই অভিযোগের বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এখনো বিষয়টি নিশ্চিত করেনি।
স্থানীয়রা জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেও সড়কের বেহাল অবস্থার কারণে সময়মতো পৌঁছানো সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।