সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বড়ছড়া কয়লা আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী হাজী মো. সবুজ আলমকে নিয়ে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও এলাকাবাসী। তারা সংবাদটিকে “মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত” দাবি করে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া ডিপো এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনের মাধ্যমে ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে হাজী মো. সবুজ আলমের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।

সাবেক চেয়ারম্যান হাজী মোঃ সবুজ আলমকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।
অংশগ্রহণকারী আব্দুল কুদ্দুস বলেন, প্রকাশিত সংবাদের অভিযোগগুলোর সঙ্গে বাস্তবতার মিল নেই। তাঁর দাবি, পরিকল্পিতভাবে সবুজ আলমের সুনাম নষ্ট করার উদ্দেশ্যেই এসব তথ্য প্রচার করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেওয়া নবাব বলেন, “হাজী মো. সবুজ আলম দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। স্থানীয় মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি মহল অপপ্রচারে নেমেছে। তিনি কখনো অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না।”
আরেক বক্তা সিরাজ মিয়া অভিযোগ করেন, কিছুদিন ধরে একটি স্বার্থান্বেষী চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সবুজ আলমের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদেরও হয়রানির শিকার হতে হচ্ছে বলে তিনি দাবি করেন।
বক্তারা আরও বলেন, ইজারাবিহীন শান্তিপুর বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। অথচ সেই কার্যক্রমের সঙ্গে সম্পর্কহীন ব্যক্তিদের ছবি ও পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। তাদের দাবি, অন্য এক ব্যবসায়ীর বালুবাহী নৌকার ছবির সঙ্গে সবুজ আলমের ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত।
তারা জানান, যেসব স্থানের ছবি ব্যবহার করা হয়েছে, সেগুলো দক্ষিণ বড়দল ইউনিয়নের আমবাড়ী এলাকার, যা বড়ছড়া এলাকা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত।
মানববন্ধন থেকে বক্তারা হলহলিয়া গ্রামের নদীতীরবর্তী বিভিন্ন স্থানে অবৈধভাবে মজুত রাখা বালু জব্দে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে নেকবর মিয়া, মোকলেছ মিয়া, মিলন মিয়া, আজম মিয়া ও নান্দু মিয়াসহ আরও অনেকে বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন ইব্রাহিম মিয়া, নুরু মিয়া, এনামুল হক, আলমগীর, শুকুর আলী, জীবন আহমেদ, রফিকুল ইসলাম, রাজু মিয়া, রয়েল মিয়া, রতন মিয়া, আরিফুল মিয়াসহ স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা।