ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে। ভারতীয় বাসমতি চাল, শাড়ি, উন্নতমানের সাবান, গরু, চকলেট, মরিচের বীজ, নিউরোবিন ফোর্টি ট্যাবলেট, চিংড়ি মাছের রেণু, গাঁজা ইত্যাদি। এসব পণ্য কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবির অভিযানে জব্দকৃত পন্য।
বিজিবি-৬০ সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্ত বিভিন্ন বিওপির টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মঈনপুর, চন্ডিদার ও কসবা এলাকা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী ও মাদলা সীমান্ত এলাকায় মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে এক কোটি ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়।
এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, পুশ-ইন এবং নারী-শিশু পাচার প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
ভবিষ্যতেও সীমান্তে সকল ধরনের অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।