নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ফজরের নামাজ পড়াতে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে হাফেজ মুফতি মাকছুদ আলম (৩৬) নামের এক খতিবের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাকছুদ আলম উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার নুরুল আলম মন্ত্রী সওদাগরের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে এলাকায় বৃষ্টিপাত হয়। বুধবার ভোরে প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ পড়ানোর জন্য বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মসজিদের উদ্দেশ্যে রওনা হন মাকছুদ আলম। পথে চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসান জানান, প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েই ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। আমরা ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেছি এবং নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
নামাজে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল খতিবের