দেশের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
একই সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত অংশকে ঢাকার প্রশাসনিক সীমানার আওতায় আনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিকারের অনুমোদন অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা, কুমিল্লার মুরাদনগর উপজেলার একটি অংশ নিয়ে ‘বাঙ্গরা’ উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠিত হবে।
এছাড়া প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করতে চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ নামে নতুন একটি থানা প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকে রাজধানীর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের যেসব এলাকা বর্তমানে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত, সেগুলোকে ঢাকার প্রশাসনিক আওতায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও অনুমোদন পায়। সরকারের সংশ্লিষ্ট সূত্রের মতে, এ পদক্ষেপ বাস্তবায়িত হলে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্রশাসনিক ব্যবস্থাপনা আরও সমন্বিত হবে এবং নগর পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী, অর্থ ও পরিকল্পনামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, আইনমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের এই প্রশাসনিক পুনর্বিন্যাসের লক্ষ্য হলো দ্রুত নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সরকারি সেবা আরও কার্যকর ও সহজলভ্য করা। পাশাপাশি রাজধানী ও আশপাশের পরিকল্পিত নগর উন্নয়নকে সমন্বিত কাঠামোর আওতায় আনার উদ্যোগ হিসেবেও সিদ্ধান্তটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।