ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর চর সোনারমপুর এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে প্রায় দুই ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন শত শত যাত্রী, পরিবহন শ্রমিক ও চালক।

মঙ্গলবার দুপুরে বিক্ষোভকারীরা প্রথমে চর সোনারামপুর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আশুগঞ্জ বাজার প্রদক্ষিণ করে আশুগঞ্জ গোলচত্বরে এসে পৌঁছায়। সেখানে অবস্থান নিয়ে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীদের অভিযোগ, চর সোনারমপুর এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদী ভাঙনের আশঙ্কা বেড়েছে।

পাশাপাশি স্থানীয় বসতভিটা, ফসলি জমি এবং আশপাশের জনপদ মারাত্মক হুমকির মুখে পড়েছে। তারা অবিলম্বে ড্রেজার অপসারণ এবং অবৈধ মাটি কাটা বন্ধের দাবি জানান।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, চর সোনারমপুর এলাকা থেকে ড্রেজার সরিয়ে না নেয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার বাস, ট্রাক, পণ্যবাহী যানসহ শত শত যানবাহন আটকা পড়ে। গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

যানজটে আটকে থাকা কয়েকজন চালক জানান, প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে তারা সড়কে আটকে আছেন। প্রচন্ড গরমে যাত্রীদের নিয়ে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে সময় পার করতে হচ্ছে। দ্রæত অবরোধ প্রত্যাহার করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানান তারা।

খবর পেয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া, আশুগঞ্জ থানার পুলিশ ও খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনাস্থলে পৌছে অবরোধকারীদের সাথে কথা বললে প্রায় দুই ঘন্টা পরে অবরোধ তুলে নেয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে প্রায় পৌনে দুই ঘন্টা পরে অবরোধ তুলে নেয়া হয়।

এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া বলেন, আমরা অবৈধ বালু উত্তোলনকারীদেও বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।