নোয়াখালীর চরজব্বর থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (২৯ জুন) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ ইলিয়াছ হোসেন রিয়াজ (২৭) ও মোঃ রাকিব (২৬)। তারা উভয়ই চরজব্বর থানার চরবাটা ইউনিয়নের চরমজিদ এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবি পুলিশের ওসি মোঃ মহিউদ্দিনের তত্ত্বাবধানে এই অভিযানটি পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বর থানাধীন হারিছ চৌধুরী বাজার জিরো পয়েন্ট সংলগ্ন শিপন স্বর্ণ শিল্পালয় জুয়েলার্সের সামনে পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে চরজব্বর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।