মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে কৌশলপূর্ণ তৎপরতা জোরদার হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে রাতভর আলোচনা করেছেন বলে জানা গেছে। চলমান উত্তেজনা কমাতে সম্ভাব্য যুদ্ধবিরতির পথ খোঁজাই ছিল এই আলোচনার মূল উদ্দেশ্য।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাত অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে পৃথকভাবে কথা বলেন মুনির। একইসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গেও তার আলোচনা হয়। সূত্রগুলো জানিয়েছে, ‘সহিংসতা বন্ধের’ একটি খসড়া প্রস্তাব ইতোমধ্যে আলোচনায় এসেছে।
এই প্রস্তাবের আওতায় সম্ভাব্য একটি অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, যা দীর্ঘমেয়াদে সংঘাত নিরসনের পথ তৈরি করতে পারে বলে আশা করা হচ্ছে। তবে ইরান হরমুজ প্রণালি খোলার শর্তে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে আপাতত সম্মতি দেয়নি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক একাধিক বার্তায় ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং দ্রুত সমঝোতায় না এলে কঠিন পরিণতির ইঙ্গিত দিয়েছেন।
বিশ্লেষকদের মতে, সামরিক উত্তেজনার পাশাপাশি এই ধরনের উচ্চপর্যায়ের যোগাযোগ ইঙ্গিত দেয় যে, সংঘাত নিরসনে কূটনৈতিক পথ এখনো খোলা রয়েছে। তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় তা কতটা কার্যকর হবে, তা নির্ভর করছে সংশ্লিষ্ট পক্ষগুলোর পরবর্তী পদক্ষেপের ওপর।
