ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মাসুক মিয়া-(১৮) ও আরমান মিয়া-(১৭) নামে ট্রাকের দুই শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন।
নিহত মাসুক মিয়া জেলার সরাইল উপজেলার বৈশ্বামোড়া গ্রামের আরব মিয়ার ছেলে এবং আরমান মিয়া একই গ্রামের ফরহাদ মিয়া ছেলে।
পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে চারগাছ এলাকা থেকে ইটবোঝাই একটি ট্রাক মান্দারপুর এলাকায় পৌছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদের পড়ে যায়। এতে ট্রাকের উপরে থাকা দুইজন শ্রমিক ঘটনাস্থলেই মারা যায় ও ট্রাকের চালক ও হেলপার আহত হয়। স্থানীয়রা হতাহতদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আমিন মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে হতাহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।