বিশ্বকাপের মঞ্চে আবারও ইতিহাসের পাতায় নিজের নাম আরও উজ্জ্বল করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে গোল করে তিনি বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়ে ভেঙে দিয়েছেন ব্রাজিল কিংবদন্তি জাইরজিনিওর ৫৬ বছরের পুরোনো রেকর্ড।
এর আগে ১৯৭০ সালের বিশ্বকাপে জাইরজিনিও গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত টানা ছয় ম্যাচে গোল করে নজির স্থাপন করেছিলেন। সেই রেকর্ড দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে অক্ষুণ্ন ছিল।
মেসির এই ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপে। ওই আসরের নকআউট পর্বে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে ধারাবাহিকভাবে গোল করেন তিনি। এরপর ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষেও গোল করে জাইরজিনিও এবং ফ্রান্সের কিংবদন্তি জাস্ট ফঁতেইঁর টানা ছয় ম্যাচে গোলের রেকর্ড স্পর্শ করেন।
সবশেষে জর্ডানের বিপক্ষে গোল করে টানা সাত ম্যাচে গোলের নতুন বিশ্বকাপ রেকর্ড গড়ে এককভাবে ইতিহাসের মালিক হন আর্জেন্টাইন মহাতারকা।
বিশ্বকাপ ইতিহাসে জাস্ট ফঁতেইঁ একই আসরে টানা ছয় ম্যাচে ১৩ গোল করেছিলেন। অন্যদিকে জাইরজিনিও ও মেসি ভিন্ন দুটি বিশ্বকাপে ধারাবাহিক ম্যাচে গোল করার এই কীর্তি গড়েছেন। তবে টানা সাত ম্যাচে গোল করার নজির এখন শুধুই লিওনেল মেসির দখলে।
এই নতুন মাইলফলকের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে নিজের কিংবদন্তি মর্যাদাকে আরও সমৃদ্ধ করলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল তারকা।
