সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আকস্মিক বজ্রপাতে নজির হোসেন আখঞ্জী (২৪) নামে এক কয়লা পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের আব্দুস সালামের ছেলে। শনিবার ভোরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সমসার হাওরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর শ্রীপুর ইউনিয়নের তারং গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে ভোরে নজির হোসেন আখঞ্জী কয়লাবোঝাই নৌকায় করে বাড়ি ফিরছিলেন। পথে সমসার হাওরে পৌঁছালে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা শনিবার সকালে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. নাসাদ আহমেদ তাকে মৃত ঘোষণা করেন। তিনি নজির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নজির হোসেন আখঞ্জী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
