প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে অংশ নিয়েই ইতিহাস গড়েছে কেপ ভার্দে। গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে তিন ম্যাচে তিন ড্র নিয়ে রানার্স-আপ হিসেবে ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি।
হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দলই সতর্ক কৌশলে খেলায় মনোযোগ দেয়। প্রথমার্ধে গোলের পরিষ্কার সুযোগ খুব কমই তৈরি হয়। সৌদি আরবের হয়ে সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিলেন মোহাম্মদ কানো, তবে কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নেয় কেপ ভার্দে। ওয়াগনার পিনা, কেভিন পিনা, লারোস দৌরতে এবং নুনো দা কস্তা একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি। বিশেষ করে ম্যাচের শেষ মুহূর্তে রদ্রিগেজের কাটব্যাক থেকে খালি পোস্ট পেয়েও শট বাইরে মারেন দা কস্তা।
৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা ছিলেন ম্যাচের নায়ক। তিনি প্রথমার্ধের যোগ করা সময়ে মোহাম্মদ কানোর হেড, ৬৬তম মিনিটে মোহাম্মদ আবু আল-শামাতের জোরালো শট এবং যোগ করা সময়ে আবদুল্লাহ আল-হামদানের নিশ্চিত গোলের সুযোগ দুর্দান্ত দক্ষতায় প্রতিহত করেন।
পরিসংখ্যানেও এগিয়ে ছিল কেপ ভার্দে। ম্যাচে তারা ৫১ শতাংশ বল দখলে রেখে মোট ১৫টি শট নেয়, যার তিনটি ছিল লক্ষ্যে। অন্যদিকে সৌদি আরব ছয়টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।
গ্রুপের অন্য ম্যাচে স্পেন উরুগুয়েকে হারানোয় তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়েই রানার্স-আপ হিসেবে নকআউটে উঠে যায় কেপ ভার্দে। একই সঙ্গে বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরেই শেষ ৩২-এ খেলার বিরল কীর্তি গড়ে দলটি।
এদিকে তিন ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপ মিশন শেষ হয়েছে সৌদি আরবের।
