হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে স্বস্তি ফিরেছে। সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং বৈশ্বিক চাহিদা প্রত্যাশার তুলনায় কম থাকায় শুক্রবার (২৬ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ২ শতাংশ কমেছে।
গ্রিনিচ মান সময় ভোর ৪টা ২১ মিনিটের হিসাবে, ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৭ ডলার বা ১ দশমিক ৯৫ শতাংশ কমে ৭৩ দশমিক ৭৯ ডলারে নেমে এসেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ৪৪ ডলার বা ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭০ দশমিক ৪৮ ডলারে দাঁড়িয়েছে।
বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো-এর কার্যক্রমও। প্রায় চার মাস বন্ধ থাকার পর উপসাগরীয় অঞ্চলের রাস তানুরা টার্মিনাল থেকে পুনরায় অপরিশোধিত তেল লোডিং শুরু হয়েছে। জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, বর্তমানে দুটি বৃহৎ ভিএলসিসি (VLCC) ট্যাংকারে তেল তোলা হচ্ছে এবং আরও একটি জাহাজ অপেক্ষমাণ রয়েছে। প্রতিটি জাহাজে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন সম্ভব।
স্পার্টা কমোডিটিজ-এর জ্যেষ্ঠ তেলবাজার বিশ্লেষক জুন গোহ বলেন, হরমুজ প্রণালি দিয়ে তেলের সরবরাহ বাড়া এবং চীনের বাজারে প্রত্যাশিত চাহিদা না ফেরায় আন্তর্জাতিক বাজারে বিক্রির চাপ তৈরি হয়েছে, যা দামের ওপর নিম্নমুখী প্রভাব ফেলেছে।
তবে বাজারে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। এর আগের দিন ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত হামলার ঘটনায় তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল। ওই ঘটনার পর আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) নিরাপদে জাহাজ সরিয়ে নেওয়ার স্বেচ্ছাসেবী কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করে।
রয়টার্সকে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালি অতিক্রমের সময় জাহাজটিতে ইরান হামলা চালিয়েছিল। যদিও ইরান দাবি করেছে, নির্ধারিত নৌপথের বাইরে চলাচলকারী জাহাজের নিরাপত্তার দায়িত্ব তাদের নয়।
আইএনজি ব্যাংক-এর বিশ্লেষকদের মতে, বর্তমানে যেসব তেলবাহী জাহাজ চলাচল করছে, তার বেশিরভাগই সংঘাতের সময় উপসাগরে আটকে পড়েছিল। এসব জাহাজ বেরিয়ে যাওয়ার পর ভবিষ্যতে আবারও তেল পরিবহনের গতি কিছুটা কমে যেতে পারে।
এদিকে ভেনেজুয়েলায় সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্প তেল সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করলেও দেশটির প্রধান তেলক্ষেত্র, শোধনাগার, পাইপলাইন ও রপ্তানি অবকাঠামোয় বড় ধরনের ক্ষয়ক্ষতির প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
