‎​নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১৪ জন নারী ও পুরুষকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

‎বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে চৌমুহনী বাজারের তিনটি আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

‎​পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবি পুলিশের ওসি মোঃ মহিউদ্দিনের  তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মিনহাজুল আবেদিনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ দল চৌমুহনী বাজারের রাজ হোটেল, ঢাকা হোটেল এবং সেভেন ষ্টার হোটেলে আকস্মিক অভিযান চালায়। এসময় অসামাজিক কার্যকলাপ করাকালীন হাতেনাতে ১৪ জনকে আটক করা হয়।

‎​আটককৃতরা হলেন তাসমিন আক্তার (২১), ইয়াছিন (৩০), হাফেজা বেগম (২৩), শাহাদাত হোসেন সাকিব (২৪), বিউটি আক্তার (২৫), আকরাম হোসেন (২৯), নুসরাত জাহান (১৯), রিয়াজ হোসেন (২৪), শারমিন আক্তার (২৫), আকরাম (৩৪), শাহনাজ বেগম (৩৬), রহমত উল্যাহ রিয়াদ (৩৬), ময়না (২৫) এবং মোঃ রিপন (২৩)। তাদের বাড়ি নোয়াখালীসহ বিভিন্ন জেলায়।

‎​নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।