ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি খাস জমিতে নির্মিত ১৮টি টিনশেড ও সেমিপাকা দোকানঘর এবং বসতঘর উচ্ছেদ করা হয়েছে।

গত বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমদের নেতৃত্বে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাসিরনগর উপজেলার নূরপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ১৬৭ শতক জমিতে অবৈধভাবে টিনশেড ও সেমিপাকা দোকানঘর এবং বসতঘর নির্মাণ করা হয়েছিল।

খাল শ্রেণির সরকারি জমির ওপর গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে উচ্ছেদ মামলা নং-১২/২০২৫-এর রায়ের আলোকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমদ উচ্ছেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “নূরপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ১৬৭ শতক খাল শ্রেণির জমি থেকে উচ্ছেদ মামলা নং-১২/২০২৫-এর রায় বাস্তবায়নের অংশ হিসেবে ১৮টি টিনশেড ও সেমিপাকা দোকানঘরসহ বসতঘর উচ্ছেদ করা হয়েছে। সরকারি জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত অন্যান্য অবৈধ স্থাপনাও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।