অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত সরকারের সময় নেওয়া প্রায় ১,৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব প্রকল্পের অনেকগুলোর বাস্তবতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকায় সরকার সেগুলো পর্যালোচনা করছে।

রাজধানীতে অনুষ্ঠিত ‘ডিবেটিং বাজেট অ্যান্ড বিওন্ড’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, প্রকল্পগুলোর অবস্থা এমন যে সরকার “না গিলতে পারছে, না ফেলতে পারছে”। তাই প্রতিটি প্রকল্পের অগ্রগতি ও কার্যকারিতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনীয় সংস্কার আনা হবে।

অর্থমন্ত্রী সৃজনশীল অর্থনীতির ওপর গুরুত্বারোপ করে বলেন, মৃৎশিল্প, শীতলপাটি, লোকসংগীত, সংস্কৃতি ও চলচ্চিত্র খাতকে আরও বাজারমুখী করা গেলে আয় ও কর্মসংস্থান বাড়বে। তিনি ঐতিহাসিক ও পর্যটন সম্ভাবনাময় স্থানগুলো সংস্কারের কথাও জানান।

এছাড়া কৃষিকে সরকারের অন্যতম অগ্রাধিকার খাত উল্লেখ করে তিনি খাদ্য নিরাপত্তা, গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থানে কৃষির গুরুত্ব তুলে ধরেন।