চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির পানিসম্পদমন্ত্রী লি গোওইংয়ের বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারের বিষয়ে ঐকমত্য হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ, পরিবেশ সুরক্ষা ও পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা কামনা করেন।
তিনি বিশেষভাবে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীনের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন। জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী বাংলাদেশের পানিসম্পদ উন্নয়ন উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, পানি ব্যবস্থাপনায় দুই দেশের বিদ্যমান সহযোগিতা গবেষণাভিত্তিক ও বাস্তবমুখী।
বৈঠকে নদী খনন, সেচ ব্যবস্থা উন্নয়ন, নৌ-নেভিগেশন সম্প্রসারণ এবং পানি ব্যবস্থাপনা খাতে দক্ষ জনবল তৈরির বিষয়েও আলোচনা হয়। চীন বাংলাদেশের পানি বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের প্রশিক্ষণের আমন্ত্রণ জানিয়েছে।
