ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিমেন্টবাহী একটি ট্রাক খাদে পড়ে রাসেল মিয়া নামে এক শ্রমিক নিহত এবং ট্রাক চালক ও হেলপারসহ ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার চম্পকনগর ইউনিয়নের মিলন বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত রাসেল মিয়া কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কাজিরখলা গ্রামের টেনা মিয়ার ছেলে। পুলিশ ময়নাতদন্তের জন্য তার লাশ ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
আহত ট্রাক চালক আবুল কালাম-(৩৫), হেলপার জয়নাল-(২২), শ্রমিক আমিনুল হক- (২৫) ও শফিকুল ইসলামকে-(২২) ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থেকে সিমেন্টবাহী একটি ট্রাক বিজয়নগর উপজেলার চম্পকনগর বাজারে যাওয়ার পথে মিলন বাজার এলাকায় সড়ক নির্মাণ কাজের একটি রোলারকে অতিক্রম করার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। দূর্ঘটনায় ট্রাকে থাকা শ্রমিক রাসেল মিয়া গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, ট্রাক খাদে পড়ার ঘটনায় এক শ্রমিক নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
