কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে নোয়াখালীতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এই অভিযানে দলটির ও এর সহযোগী সংগঠনের মোট ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে জেলায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি থানা এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং জেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করছে।
থানার তথ্য অনুযায়ী, সদর উপজেলা থেকে ৬ জন, কোম্পানীগঞ্জ থেকে ৩ জন, হাতিয়া থেকে ১ জন এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২ জনকে গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা জুড়ে পুলিশের এই বিশেষ নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। নাশকতা বা জননিরাপত্তা বিঘ্নিত করার কোনো চেষ্টা চালানো হলে তা কঠোর হস্তে দমন করা হবে।
বর্তমানে পুরো জেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বলেও তিনি জানান।