বান্দরবানের লামায় নাজেরাম ত্রিপুরা পাড়ায় ভূমিবেখল ও অগ্নিসংযোগের ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিক্ষুদ্ধ আদিবাসী ছাত্র জনতা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় এই কর্মসূচির অংশ হিসেবে রাজার মাঠ থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশের আয়োজন করে তারা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, নাজেরাম ত্রিপুরা পাড়ায় ভূমি দখল এবং বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে। শুধু তাই নয় বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি হলেও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।