শিক্ষাই হচ্ছে সকলের প্রধান সম্পদ এ কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে শিক্ষার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে যদি বারবার জিজ্ঞেস করা হয় যে কোন বিভাগটি তার কাছে সবচেয়ে প্রিয় বা কোন খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ প্রয়োজন, তবে তিনি বারবার শিক্ষার নামই উচ্চারণ করেন।
সোমবার (২২ জুন) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন এবং ডিনস ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষাই হচ্ছে সকলের প্রধান সম্পদ
বিগত সরকারের বিভিন্ন অব্যবস্থাপনার সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা প্রদানে দীর্ঘদিনের জটিলতা আমাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০১৭ সালে নেওয়া ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার (ইটিএফ) প্রকল্পটি ১০ কোটি টাকার বাজেট থেকে ৮০ কোটিতে পৌঁছালেও তা আলোর মুখ দেখেনি। তাছাড়া, আগের সরকার কোনো পরিকল্পনা ছাড়াই বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ দিলেও তাদের বেতনের জন্য প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ রাখেনি। মাদ্রাসা শিক্ষকদের মাসিক বেতন বাবদ ৫শ কোটি টাকারও বেশি প্রয়োজন।
ইতোমধ্যে আমরা প্রাথমিক ভাবে হাতে থাকা ১শ কোটি টাকা বরাদ্দ দিয়েছি এবং আশা করছি জুলাই মাসের মধ্যেই সকলের বকেয়া বেতন পরিশোধ করা সম্ভব হবে। একটি উন্নয়নশীল রাষ্ট্র পরিচালনায় এই ধরণের অপরিকল্পিত সিদ্ধান্ত ও উদাসীনতা গ্রহণযোগ্য নয়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষার ওপর আমরা বিশেষ জোর দিচ্ছি। ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। এছাড়া, মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও আধুনিকায়নের কাজ চলমান রয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং নোবিপ্রবির উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ৪৯ জন শিক্ষক ও শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড এবং ৩ জনকে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর আগে, সকালে বর্ণাঢ্য র্যালি ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
