বিশ্বকাপের মঞ্চে প্রায় এক শতাব্দীর অপেক্ষার অবসান ঘটিয়েছে মিশর। নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে উত্তর আফ্রিকার দেশটি।
অধিনায়ক মোহাম্মদ সালাহর নেতৃত্বে আসা এই জয় মিশরের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

সোমবার বাংলাদেশ সময় সকালে কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুটা অবশ্য ভালো হয়নি মিশরের। ম্যাচের ১৫তম মিনিটে কর্নার থেকে পাওয়া বলে শক্তিশালী হেডে গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন ডিফেন্ডার ফিন সারম্যান।
প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে থেকেও সমতা ফেরাতে পারেনি মিশর। তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫৮তম মিনিটে মোহাম্মদ হানির নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে সমতা ফেরান মোস্তাফা জিকো।
সমতায় ফেরার পর আত্মবিশ্বাসী মিশর আক্রমণের ধার আরও বাড়ায়। এর ফল আসে ৬৭তম মিনিটে। দ্রুতগতির এক আক্রমণে মোস্তাফা জিকোর পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করেন অধিনায়ক মোহাম্মদ সালাহ। তার এই গোলেই প্রথমবারের মতো ম্যাচে এগিয়ে যায় মিশর।
এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় আফ্রিকার দলটি। ৮২তম মিনিটে সালাহর নেওয়া কর্নার থেকে হেডে গোল করেন বদলি খেলোয়াড় ত্রেজেগে। এতে ৩-১ গোলের স্বস্তিদায়ক ব্যবধান পায় মিশর।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে মেতে ওঠে মিশর শিবির। কারণ এই জয় শুধু তিন পয়েন্ট নয়, ভেঙেছে দীর্ঘ ৯২ বছরের অপেক্ষাও। ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে অংশ নেওয়া মিশর আগের আট ম্যাচে কোনো জয় পায়নি। অবশেষে নবম ম্যাচে এসে কাঙ্ক্ষিত প্রথম জয় অর্জন করল তারা।
এর আগে চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল মিশর। অন্যদিকে নিউজিল্যান্ড ইরানের সঙ্গে ২-২ গোলে সমতা করেছিল। ফলে এই জয়ে গ্রুপ ‘জি’-তে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল সালাহর দল।
