ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আলাকপুর গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্তের নাম পান্না সরকার-(১৮) । সে আলাকপুর গ্রামের মৃনাল সরকারের ছেলে। পান্না সরকার পেশায় একজন রাজমিস্ত্রির সহযোগী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ওই শিশুটি পূজা দেখার জন্য নিজ বাড়ি থেকে পাশের বাড়িতে যাওয়ার পথে অভিযুক্ত পান্না সরকার তাকে জোরপূর্বক তুলে আলাকপুর লালমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি পাটক্ষেতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়।

পরে শিশুটি বাড়িতে ফিরে তার পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিবরণ দেয়।

শিশুটির দাদা জানান, ঘটনার পর নাতনিকে মন খারাপ করে বসে থাকতে দেখে এবং তার শারীরিক কষ্টের কথা শুনে তারা বিস্তারিত জানতে পারেন। শিশুটি জানায়, পান্না সরকার তাকে জোর করে পাটক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষন চেষ্টা করে। পরবর্তীতে রাতেই শিশুটিকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য রাত ১টার দিকে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তিনি এই ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার পর ঘটনার বিস্তারিত জানা যাবে।