ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত শিক্ষার সম্প্রসারণে কলেজটির অবকাঠামোগত ও একাডেমিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা চলছে।
শনিবার (২০ জুন) সকালে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের লাইব্রেরি ভবনে আয়োজিত নবীনবরণ (ফ্রেশার্স ওরিয়েন্টেশন) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ জানান, কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সম্ভাবনা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষের নেতৃত্বে একটি প্রতিনিধি দলকে মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী কয়েক মাসের মধ্যে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষাঙ্গনের পরিবেশ ও শিক্ষার্থীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে শিক্ষার্থীদের মতপ্রকাশ ও নেতৃত্ব বিকাশের সুযোগ থাকা প্রয়োজন। তবে শিক্ষা কার্যক্রম ব্যাহত না করে শৃঙ্খলা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের সহিংসতা, র্যাগিং বা নবীন শিক্ষার্থীদের হয়রানির ঘটনা বরদাশত করা হবে না। একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও জ্ঞানভিত্তিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রকৌশল শিক্ষা দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। দক্ষতা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং দেশের প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে অবদান রাখতে হবে।
কলেজের অধ্যক্ষ ড. মো. মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড. আব্দুল মজিদ এবং ড. মো. রুস্তুম আলী। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন রবিন মোল্লা।
এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
