ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ফেনী জংশন রেলস্টেশনে প্রায় আড়াই ঘণ্টা আটকা পড়ে। এ সময় ট্রেনটিতে থাকা শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন।
শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ফেনী জংশনে প্রবেশের সময় ট্রেনটির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে নিরাপত্তার স্বার্থে ট্রেনটি স্টেশনের ডাউন লাইনে থামিয়ে রাখা হয়।
রেলওয়ে সূত্র জানায়, ফেনী স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটির ইঞ্জিনের মোটরে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। একপর্যায়ে মোটর অংশে আগুন লাগার আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এতে ট্রেনটি দীর্ঘ সময় স্টেশনে অবস্থান করে।
দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রী স্টেশনে নেমে বিকল্প পরিবহনের খোঁজ করেন। ট্রেনটিতে প্রায় ৮০০ যাত্রী ছিলেন বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।
ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. হারুন বলেন, “ফেনী স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিনের মোটরে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। কারিগরি কর্মীরা ত্রুটি শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। পরে বিকল্প ইঞ্জিন সংযুক্ত করে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে দেওয়া হয়।”
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটির কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
