দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ শিশু।

শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু না হলেও উপসর্গজনিত জটিলতায় সাত শিশুর প্রাণহানি ঘটেছে।

এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৪ জনে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে চলতি সময়ে হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি পৌঁছেছে ৬৭৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮০ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে নতুন রোগী পাওয়া গেছে ৮০৭ জন। এই সময়ে ৭৪৬ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৫৭৪ জন বাড়ি ফিরেছে।

সর্বশেষ পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে ২০ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯১ হাজার ৭৮৯ জন। এর মধ্যে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ১০ হাজার ৯৪৯। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫ হাজার ৯০২ জন, যাদের মধ্যে ৭১ হাজার ৯৭০ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে।