দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭৪ জনের শরীরে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে আরও ৯৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম সংক্রমণ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত দেশে মোট ৯০ হাজার ৯৮২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৬৯ জনে।
এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ১৫৬ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ হাজার ৩৯৬ জন রোগী।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ৫৭৭ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম সংক্রমণে মারা গেছেন আরও ৯৩ জন। ফলে হাম ও হাম-সংশ্লিষ্ট উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭০ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তারা অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি জ্বর, র্যাশ বা হাম-সদৃশ উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দিয়েছেন।