সিলেটের মোগলাবাজার এলাকা থেকে নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রীকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার র্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, উদ্ধার হওয়া কিশোরী সিলেটের একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। গ্রেপ্তার ব্যক্তি অন্তর খান (২৫) হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বাসিন্দা।
র্যাব জানায়, গত ২১ মে শিক্ষার্থীটি বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ৪ জুন মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন।
তদন্তের একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারে, মামলার এজাহারে উল্লেখিত সন্দেহভাজন ব্যক্তি শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় অবস্থান করছেন। এরপর র্যাব-৯, সিলেট এবং র্যাবের ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয় এবং অন্তর খানকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার হওয়া শিক্ষার্থী এবং গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার তদন্ত ও পরবর্তী বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।
