ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি দক্ষিণ বাজারে একই স্থান ও সময়ে বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত কুটি দক্ষিণ বাজার ও এর আশপাশের এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে প্রশাসন জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে একই সময় ও একই স্থানে দুটি পৃথক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। একটি পক্ষ কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় মুশফিকুর রহমানকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালির আয়োজন করে।

অন্যদিকে, বিএনপির আরেকটি পক্ষ কুটি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি মাহবুবুল ইসলাম শাহীনকে সংবর্ধনা দিতে আলোচনা সভার আয়োজন করে। ওই সভায় কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন খান প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

একই স্থান ও সময়ে দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিলে জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন জরুরি ভিত্তিতে ১৪৪ ধারা জারি করে। এর ফলে নির্ধারিত এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকে কুটি দক্ষিণ বাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম বলেন, “একই স্থান ও সময়ে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘোষিত হওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত কুটি দক্ষিণ বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলার এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।