নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (এমডিএ) আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা জানান গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাসসহ বিভাগের অন্যান্য কর্মকর্তা।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে নগরীর গণপূর্ত ভবনে স্থাপিত অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। ময়মনসিংহ নগরীকে পরিকল্পিত ও আধুনিক অবকাঠামোর আওতায় উন্নয়নের লক্ষ্য নিয়ে কর্তৃপক্ষের যাত্রা শুরু হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

এর আগে গণপূর্ত ভবন প্রাঙ্গণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে নবনিযুক্ত চেয়ারম্যান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পরিকল্পিত নগর উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তব্যে মোতাহার হোসেন তালুকদার বলেন, ময়মনসিংহের টেকসই ও পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করবে। তিনি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তর, প্রশাসন এবং নাগরিক সমাজের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, ময়মনসিংহকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরীতে রূপান্তরের জন্য দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। একই সঙ্গে বিভাগীয় শহর হিসেবে ময়মনসিংহের অবকাঠামোগত উন্নয়ন, আবাসন, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সুবিধা সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী ও কাজী রানা, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, উত্তর যুবদলের সভাপতি শামছুল হক শামছু সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।