দেশের বাজারে সোনা ও রুপার নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমবারের মতো ভ্যাট অন্তর্ভুক্ত করে স্বর্ণালংকারের বিক্রয়মূল্য ঘোষণা করা হয়েছে।
নতুন দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণালংকারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা, যা আগের কার্যকর মূল্যের তুলনায় ৯ হাজার ১৩ টাকা কম।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়।
নতুন মূল্য অনুযায়ী—
২২ ক্যারেট স্বর্ণালংকার (ভ্যাটসহ): ২,৩২,৯৩০ টাকা প্রতি ভরি
২১ ক্যারেট স্বর্ণালংকার (ভ্যাটসহ): ২,২২,৪৯১ টাকা প্রতি ভরি
১৮ ক্যারেট স্বর্ণালংকার (ভ্যাটসহ): ১,৯১,০৫৬ টাকা প্রতি ভরি
সনাতন পদ্ধতির স্বর্ণ (ভ্যাটসহ): ১,৫৬,০৬৪ টাকা প্রতি ভরি
এর আগে, গত ১৫ জুন ২২ ক্যারেট সোনার প্রতি ভরির মূল মূল্য ছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণালংকারের বিক্রয়মূল্য দাঁড়াত ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা।
এদিকে সোনার পাশাপাশি রুপার নতুন মূল্যও নির্ধারণ করেছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সোনা ও স্বর্ণালংকারের ওপর ভ্যাট আরোপের পদ্ধতিতে পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে। পূর্বে মোট বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য ছিল। নতুন ব্যবস্থায় প্রতি ভরি সোনার ওপর নির্দিষ্ট অঙ্কের ভ্যাট ধার্য করার প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, প্রতি ভরি সোনার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে। এই নীতিগত পরিবর্তনের পরিপ্রেক্ষিতেই বাজুস প্রথমবারের মতো ভ্যাট অন্তর্ভুক্ত করে নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে।