ময়মনসিংহ মহানগরীকে পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের লক্ষ্যে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

চেয়ারম্যান জানান, নগর উন্নয়নের অংশ হিসেবে কাচারিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর একটি পৃথক সেতু নির্মাণ, বিল্ডিং কোড অনুসরণ করে বহুতল ভবনের অনুমোদন এবং মহানগরীর সড়ক অবকাঠামোর উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর জীবনমান উন্নয়ন এবং টেকসই নগরায়ণ নিশ্চিত করার চেষ্টা করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন তিনি এবং ভবিষ্যতেও নগর উন্নয়ন বিষয়ে গঠনমূলক মতামত দেওয়ার আহ্বান জানান।

এর আগে ময়মনসিংহ প্রেসক্লাবে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম। এ সময় তার হাতে প্রেসক্লাবের পক্ষ থেকে একটি স্মারকও তুলে দেওয়া হয়।

সভায় সিনিয়র সাংবাদিকদের মধ্যে আতাউল করিম খোকন, মীর গোলাম মোস্তফা, সাইফুল ইসলাম, অমিত রায়, এম. আইয়ুব আলী, জগদীশ চন্দ্র সরকার, আব্দুর রাজ্জাক, নিয়ামুল কবীর সজল, মো. শাহজাহান, আদিলুজ্জামান আদিল, আবু সালেহ মুসা, আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর, রাকিবুল হাসান রুবেলসহ অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।

মোতাহার হোসেন তালুকদার জানান, বৃহস্পতিবার থেকে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অস্থায়ীভাবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিচালিত হবে। এ উপলক্ষে সকাল ১১টায় একটি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কর্তৃপক্ষের জন্য স্থায়ী কার্যালয় নির্ধারণ এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী একটি পরিচালনা পর্ষদ ও প্রয়োজনীয় প্রশাসনিক কাঠামোর মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হবে।

মতবিনিময় সভার শেষপর্যায়ে চেয়ারম্যান সাংবাদিকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং নগর উন্নয়নের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

**ছবি ক্যাপশন:**