ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামে র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
মঙ্গলবার (১৬ জুন) ভোরে নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— রিমা আক্তার (২৪), মোসলেম মিয়া (৫২) এবং মোকলেছ মিয়া (৫৫)। তারা সবাই খাগাতুয়া গ্রামের বাসিন্দা।
বুধবার (১৭ জুন) র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ১১ মে বিকেলে র্যাব-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি গোয়েন্দা দল তথ্য সংগ্রহের কাজে মোটরসাইকেলযোগে নবীনগর হয়ে বাঞ্ছারামপুরের দিকে যাচ্ছিল। পথে খাগাতুয়া এলাকায় পৌঁছালে একদল ব্যক্তি তাদের গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলাকারীরা র্যাব সদস্যদের মারধর করে আহত করে এবং কিছু সময়ের জন্য একটি বাড়িতে আটকে রাখে। পরে র্যাবের অতিরিক্ত সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ঘটনার পর ১৩ মে র্যাবের একজন সদস্য বাদী হয়ে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরদিন অভিযান চালিয়ে ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয় এবং কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে র্যাব জানিয়েছে।
সর্বশেষ অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে নয়জনে।
র্যাব জানিয়েছে, মামলার তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
