জ্বালানি সাশ্রয়কে সামনে রেখে নির্ধারিত সময় পুনর্বিবেচনা করে দেশের দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এর আগে মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত জ্বালানি সংকটের প্রেক্ষাপটে মন্ত্রিসভা সন্ধ্যা ৬টার মধ্যে সব বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে ব্যবসায়ীদের আপত্তি ও সময় বাড়ানোর দাবির পর বিষয়টি পুনর্বিবেচনায় আনা হয়।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে রাত ৮টা পর্যন্ত ব্যবসা চালানোর অনুমতি চাওয়া হলেও শেষ পর্যন্ত সরকার এক ঘণ্টা সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমোদন দিয়েছে। জরুরি সেবাসংক্রান্ত প্রতিষ্ঠানগুলো এই নির্দেশনার বাইরে থাকবে।
প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে এবং নাগরিকদেরও বিদ্যুৎ ব্যবহারে সংযত থাকার আহ্বান জানান। তার মতে, সমন্বিত সাশ্রয়ী উদ্যোগই চলমান চাপ মোকাবিলায় সহায়ক হতে পারে।