দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, শিল্প-ব্যবসা প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য এবং উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে অর্থনৈতিক শুমারির গুরুত্ব তুলে ধরে সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত জাতীয় প্রতিবেদন (ন্যাশনাল রিপোর্ট) প্রকাশ উপলক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত এ কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস, সিরাজগঞ্জ।

কর্মশালায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপপরিচালক মাহমুদা খাতুন পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জাতীয় প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন, সিভিল সার্জন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা তথ্য অফিসের উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

বক্তারা বলেন, অর্থনৈতিক শুমারি একটি দেশের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কিত মৌলিক ও নির্ভরযোগ্য তথ্যের প্রধান উৎস। এ শুমারির মাধ্যমে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা, কর্মসংস্থান, প্রতিষ্ঠানের কাঠামোগত বৈশিষ্ট্য, বিদ্যমান সুযোগ-সুবিধা এবং সেবার ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়।

তারা আরও উল্লেখ করেন, শিল্প ও ব্যবসা খাতের হালনাগাদ তথ্য নীতি প্রণয়ন, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) এবং অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক সূচক নিরূপণেও অর্থনৈতিক শুমারির তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মশালায় অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জাতীয় প্রতিবেদনের বিভিন্ন পর্যবেক্ষণ, তথ্য বিশ্লেষণ এবং নীতিনির্ধারণী গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।