কুমিল্লার লাকসামে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে লাকসাম রেলওয়ে জংশন লেকপাড় এলাকায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি, সাবেক মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মজির আহমেদ।

আয়োজকরা জানান, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে লাকসাম উপজেলা ও পৌর শাখা এ উদ্যোগ গ্রহণ করেছে। কর্মসূচির আওতায় বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মজির আহমেদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নির্মল বায়ু নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন। তিনি বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যার মাধ্যমেই কাঙ্ক্ষিত সুফল পাওয়া সম্ভব।”

তিনি আরও বলেন, একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি। ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে বৃক্ষরোপণ বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সহ-সভাপতি ও জংশন ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ মো. মোস্তফা কামাল, জিয়া সাইবার ফোর্স লাকসাম উপজেলা কমিটির সহ-সভাপতি জান্নাত সোলায়মান, পৌর কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিফুর রহমান রুপাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা লেকপাড় এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং গাছের পরিচর্যার বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রদান করেন।