ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় ও অনানুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন জাইমা রহমান। মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকার একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৯০ জন শিক্ষার্থী অংশ নেয় বলে আয়োজক সূত্র জানিয়েছে।

অনুষ্ঠানের আয়োজক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের কন্যা মেহভীন রহমান মুনিয়া।

অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অনুষ্ঠানে জাইমা রহমান শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা, ব্যক্তিগত উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সৃজনশীল কর্মকাণ্ড এবং বাস্তবজীবনের দক্ষতা অর্জনের প্রতি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।

আলোচনার একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের আগ্রহ, স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান। শিক্ষার্থীরাও তাদের বিভিন্ন অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরে।

রামধননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাহিয়ান ওসমান রাহিন বলেন, “এত কাছ থেকে কথা বলার সুযোগ পেয়ে আমি খুব আনন্দিত। তিনি আমাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য কার্যক্রমে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন।”

অনুষ্ঠানে উপস্থিত এক শিক্ষক জান্নাতুল ফেরদৌস বাবলী বলেন, “শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেয়। তারা নিজেদের ভাবনা ও স্বপ্নের কথা বলার সুযোগ পেয়েছে, যা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে।”

আখাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. দৌলত হোসেন ভূঁইয়া বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক। তারা বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের সুযোগ পেয়েছে এবং ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক চিন্তা করার উৎসাহ অর্জন করেছে।”

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, “অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ অভিজ্ঞতায় আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছে।”

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর, অভিজ্ঞতা বিনিময় এবং অনানুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হয় বলে আয়োজক সূত্র জানিয়েছে।