সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্কের সূত্র ধরে চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এসেছেন জিয়া ঐলী নামে এক যুবক। স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট পরিবারের দাবি, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং শিগগিরই নবীনগরের এক তরুণীকে বিয়ে করতে যাচ্ছেন।

মঙ্গলবার (১৬ জুন) ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন জিয়া ঐলী। ধর্ম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে ‘জাহিদ ইসলাম’ বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের বাসিন্দা স্বপ্না আক্তারের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের মাধ্যমে জিয়া ঐলীর যোগাযোগ শুরু হয়। সময়ের সঙ্গে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয় বলে উভয় পরিবারের সদস্যরা জানান।

দীর্ঘদিন অনলাইনে যোগাযোগের পর প্রিয়জনের সঙ্গে সরাসরি দেখা করতে জিয়া ঐলী সম্প্রতি বাংলাদেশে আসেন। সোমবার রাতে তিনি নবীনগর উপজেলার নীলনগর গ্রামে স্বপ্না আক্তারের মামার বাড়িতে পৌঁছান এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

স্বপ্না আক্তার জানান, পারিবারিক সম্মতিতে তাদের বিয়ের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মুসলিম রীতিতে বিয়ে অনুষ্ঠিত হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। বিদেশি যুবকের আগমন এবং ভিন্ন সংস্কৃতির দুই মানুষের সম্পর্ক নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-উৎসাহ দেখা গেছে।

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বলেন, “বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবগত নই। খোঁজখবর নেওয়া হচ্ছে।”

সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে শুরু হওয়া এই আন্তঃদেশীয় সম্পর্ক এখন স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।