ব্রাহ্মণবাড়িয়ায় আদালত প্রাঙ্গণে এক আইনজীবী ও তাঁর সহকারীর ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বাদী ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলাউদ্দিন। তিনি রোববার রাতে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।
আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু এবং তাঁর সহকারী উজ্জ্বল মিয়া। আহত দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
মামলায় অভিযুক্ত চারজন হলেন শহরের কান্দিপাড়া মাইমলহাটী এলাকার মজনু মিয়া (৫০), নবীনগর উপজেলার শিবপুর গ্রামের জসিম মিয়া (৪০), তাঁর স্ত্রী চাঁদনী আক্তার (৩৫) এবং বাবু মিয়া (২৪)। এছাড়া আরও দুই থেকে তিনজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার বিকেল ৪টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনের নিচতলায় নিজ চেম্বারে অবস্থান করছিলেন অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু। এ সময় অভিযুক্তরা সেখানে এসে তাঁর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁকে ও তাঁর সহকারীকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলার সময় আশরাফ উদ্দিন মন্তু ও তাঁর সহকারী উজ্জ্বল মিয়া আহত হন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক চারজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সদর মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, “আদালত প্রাঙ্গণে আইনজীবী ও তাঁর সহকারীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছিল। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও পটভূমি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
