“অপরাধীর কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় নেই; অপরাধী শুধুই অপরাধী”— এমন দৃঢ় অবস্থান ব্যক্ত করে নোয়াখালীকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) এন. এম. নাসিরুদ্দিন।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে জেলা পুলিশকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

অপরাধীর কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় নেই: নোয়াখালীর নবাগত পুলিশ সুপার
তিনি বলেন, জেলার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং সাইবার অপরাধ দমনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি নারী, শিশু ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং থানাগুলোকে দালালমুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
গণমাধ্যমের ভূমিকার বিষয়ে নবাগত এসপি বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে।
তিনি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাইয়ে জেলা পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রাখার আহ্বান জানান এবং সুশাসন প্রতিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা মতবিনিময়ে অংশ নেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা ও পুলিশি কার্যক্রম নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
