রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর নবনিযুক্ত পরিচালক ডা. কাজী আহমেদ জাকীকে বরণ এবং বিদায়ী পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীনকে সম্মাননা জানাতে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত ১৫ জুন ২০২৬ তারিখে আইইডিসিআর অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অনুষ্ঠানে বিদায়ী পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীনকে তাঁর দীর্ঘ কর্মজীবন, দূরদর্শী নেতৃত্ব এবং আইইডিসিআরের উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। সম্মাননা তুলে দেন নবনিযুক্ত পরিচালক ডা. কাজী আহমেদ জাকী।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ডা. কাজী আহমেদ জাকী সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আইইডিসিআর একটি দক্ষ ও নিবেদিতপ্রাণ পরিবারের নাম। সকলের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। জনস্বাস্থ্য সুরক্ষা, গবেষণা এবং রোগ নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও শক্তিশালী করতে আমরা একসঙ্গে কাজ করব।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইডিসিআরের মেডিকেল অফিসার (এপিডেমিওলজি) ডা. মো. ফয়জুল ইসলাম।

আইইডিসিআরের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রশাসনিক কর্মকর্তা আমিনা আক্তার; সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ আলী জিন্নাহ ও কাজী মাছুম; মেডিকেল অফিসার ডা. মাইনুল হাসান, ডা. জাহিদুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. সোহেল রহমান, ডা. মাহবুবুর রহমান, ডা. মোনালিসা ও ডা. শারমিন সুলতানা; প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রত্না দাস; সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুস্তাক আহমেদ এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক নওশের আলম।
বিদায়ী পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন তাঁর বক্তব্যে আইইডিসিআরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সহকর্মীদের সহযোগিতা ও আন্তরিকতা ছিল তাঁর কর্মজীবনের অন্যতম শক্তি। তিনি আইইডিসিআরের ভবিষ্যৎ সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানটি আন্তরিক ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
