যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে অবস্থিত এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস থেকে উড্ডয়নের পরপরই একটি মার্কিন বিমান বাহিনীর বি-৫২ স্ট্র্যাটোফরট্রেস বোমারু বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের দুই কর্মীও রয়েছেন।
এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসের কর্নেল জেমস হেইস এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, “আমরা এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হয়েছি। আমরা আটজন মহান আমেরিকানকে হারিয়েছি।” নিহতদের মধ্যে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মী এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরাও ছিলেন বলে জানান তিনি।
সোমবার স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে নিয়মিত পরীক্ষামূলক মিশনে অংশ নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। বিমানটি ঘাঁটির রাডার আধুনিকায়ন কর্মসূচিতে সহায়তা করছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে, যা বহু দূর থেকেও দেখা যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি সম্পূর্ণভাবে বিমানঘাঁটির রানওয়ের ভেতরেই সীমাবদ্ধ ছিল।
ঘটনার পরপরই এডওয়ার্ডস বিমানঘাঁটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে মোহাভি মরুভূমিতে অবস্থিত এই ঘাঁটিতে জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয় এবং আগত সব বিমানকে বিকল্প গন্তব্যে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি অ-বাণিজ্যিক দর্শনার্থীদের প্রবেশও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
প্রাথমিক মূল্যায়নে ঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে এতে বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না। নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং আনুষ্ঠানিকভাবে অবহিত করার পর তাদের পরিচয় প্রকাশ করা হবে।
তবে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, প্রাথমিক তদন্ত সম্পন্ন হতে প্রায় ৩০ দিন সময় লাগতে পারে। আর বিস্তারিত তদন্ত ও কারণ অনুসন্ধান শেষ হতে ছয় মাসেরও বেশি সময় লাগতে পারে।
উল্লেখ্য, ১৯৫০-এর দশক থেকে মার্কিন সামরিক বাহিনীতে ব্যবহৃত হয়ে আসছে বোয়িং নির্মিত বি-৫২ স্ট্র্যাটোফরট্রেস বোমারু বিমান। ‘বাফ’ (BUFF) নামে পরিচিত এই দীর্ঘপাল্লার কৌশলগত বিমানটি প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম এবং প্রায় ৭০ হাজার পাউন্ড (৩২ হাজার কেজি) অস্ত্র বহন করতে পারে।
বিমানটি শত শত প্রচলিত বোমার পাশাপাশি ৩২টি পর্যন্ত পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। আকাশে জ্বালানি গ্রহণের সুবিধা থাকায় এর অভিযান পরিচালনার পরিসর কার্যত সীমাহীন। সাধারণত একটি বি-৫২ বিমানে পাঁচ সদস্যের ক্রু দায়িত্ব পালন করেন।
সূত্র: বিবিসি বাংলা
