ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, সাহিত্য একাডেমির সদস্য এবং প্রয়াত লেখক-শিল্পী সাইফুল ইসলাম রিপনকে স্মরণে প্রকাশিত ‘সাইফুল ইসলাম রিপন অগ্রন্থিত রচনাবলি ও স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। পরে প্রয়াত এই সাহিত্য ও সংস্কৃতিকর্মীর জীবন, কর্ম এবং অবদান নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি ও গবেষক জয়দুল হোসেন-এর সভাপতিত্বে এবং একাডেমির সহ-সভাপতি কবি ও গবেষক মানিক রতন শর্মা-র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, সাইফুল ইসলাম রিপন ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংস্কৃতিকর্মী, নিরহংকার ও প্রচারবিমুখ মানুষ। সাহিত্য, আবৃত্তি, উপস্থাপনা, চিত্রকলা ও ভাস্কর্যসহ নানা সৃজনশীল কর্মকাণ্ডে তিনি সক্রিয় ছিলেন। তাঁর অকাল প্রয়াণ ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।
বক্তারা আরও বলেন, সাইফুল ইসলাম রিপন ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। ছড়া-কবিতা রচনা, আবৃত্তি, উপস্থাপনা, চিত্রাঙ্কন ও ভাস্কর্য নির্মাণের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ডাকটিকিট, মুদ্রা এবং দিয়াশলাইয়ের বাক্স সংগ্রহ ছিল তাঁর অন্যতম শখ। তাঁর সৃজনশীল কর্মকাণ্ড নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে বক্তারা প্রয়াত রিপনের বন্ধু ও সহযোদ্ধাদের উদ্যোগে তাঁর অপ্রকাশিত রচনা এবং স্মৃতিচারণমূলক লেখাগুলো সংকলন করে স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তারা বলেন, এই প্রকাশনা শুধু একজন সৃজনশীল ব্যক্তিত্বকে স্মরণ করার প্রয়াস নয়, বরং স্থানীয় সাহিত্য-সংস্কৃতির ইতিহাস সংরক্ষণেরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নূরুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানবর্ধন পাল, উদীচী ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি জহিরুল ইসলাম স্বপন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল-আমিন শাহিন, নারী নেত্রী নন্দিতা গুহ, কবি ও গীতিকার আব্দুর রহিম, কথাসাহিত্যিক শিরিন আক্তার, সাংস্কৃতিক সংগঠক ফারুক আহমেদ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, গ্রন্থটির সম্পাদক আবুল খায়ের টিটুসহ সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্টজনেরা।
প্রয়াত সাইফুল ইসলাম রিপনের স্ত্রী জারিন তাসনীম মনি অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
