ময়মনসিংহ নগরীতে নিহত বিএনপি কর্মী রানা মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব। সংগঠনটির নেতৃবৃন্দ নিহতের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন।

শনিবার (১৩ জুন) বিকেলে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া মধ্যপাড়া এলাকায় রানা মিয়ার বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের হাতে এ সহায়তা তুলে দেন ক্লাবের নেতারা। এ সময় নিহতের স্ত্রী সোমা আক্তারসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিহতের বড় ভাই তোফাজ্জল হোসেন ও মোফাজ্জল হোসেন, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. চান মিয়া, সাধারণ সম্পাদক মো. রাব্বিল হাসান রাব্বি, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের কর্মী বুলবুল আহমেদ, ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু তাহের এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ সময় বুলবুল আহমেদ বলেন, নিহত রানা মিয়ার পরিবার বর্তমানে কঠিন সময় পার করছে। মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ জুন বিকেলে ময়মনসিংহ নগরীর চর ঈশ্বরদিয়া মধ্যপাড়া এলাকায় সংঘটিত এক হামলায় রানা মিয়া নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার অভিযোগ রয়েছে।

ঘটনার পর নিহতের বড় ভাই মোফাজ্জল হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় কয়েকজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের অংশ হিসেবে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন।

নিহত রানা মিয়া ওই এলাকার মৃত শরাফ উদ্দিনের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।