ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের উৎপাদনশীলতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আয় বৃদ্ধির লক্ষ্যে জামালপুরে মৎস্য চাষবিষয়ক প্রশিক্ষণ ও বিনামূল্যে মাছের পোনা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে এবং কৃষি ও বীমা ইউনিটের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে জামালপুর অঞ্চলের ২৬টি শাখার সদস্যদের মধ্যে ১১টি বিতরণ কেন্দ্রের মাধ্যমে ৮০ হাজার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিনামূল্যে বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, খামারিদের আধুনিক ও লাভজনক মৎস্য চাষে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণে পুকুর প্রস্তুতি, খাদ্য ব্যবস্থাপনা, রোগবালাই প্রতিরোধ, ব্র্যাক তেলাপিয়া-২ জাতের বৈশিষ্ট্য, সঠিক আহরণ পদ্ধতি এবং বাজারজাতকরণ বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক জামালপুরের জেলা সমন্বয়ক মো. শফিকুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার (দাবি) সিমসন হালদার, সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা) এ.এস.এম. মাহবুবুল আলম, মো. মিজানুর রহমান, এ.কে.এম. শামসুল আলম, মো. হাফিজুর রহমান এবং রাবেয়া খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ব্র্যাকের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ ও উন্নতমানের পোনা বিতরণের মাধ্যমে স্থানীয় খামারিদের মাছ উৎপাদন বৃদ্ধি পাবে, যা তাদের আয় ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
