জামালপুর শহরে অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজা উদ্ধার এবং এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) ভোরে শহরের মৃধাপাড়া ও দয়াময়ী মোড় এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শেরপুর সদর উপজেলার কুসুমহাটি কৃষ্ণপুর উত্তরপাড়া গ্রামের মৃত হাশর আলীর মেয়ে খোদেজা বেগম (৪০) এবং জামালপুরের মেলান্দহ উপজেলার মুন্সীনাংলা গ্রামের বাসিন্দা বুলবুলি (৫৮)।

শনিবার দুপুরে জামালপুর সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ এ তথ্য জানায়।

পুলিশের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে শহরের মৃধাপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় খোদেজা বেগমের ব্যবহৃত কক্ষ থেকে তিনটি ট্রাভেল ব্যাগ ও দুটি বস্তার ভেতরে পলিথিনে মোড়ানো ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শহরের দয়াময়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে বুলবুলিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তিনি উদ্ধার হওয়া গাঁজা কেনার উদ্দেশ্যে সেখানে এসেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধার এবং দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া খোদেজা বেগমের বিরুদ্ধে এর আগেও শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।