পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার দুপুরে কক্সবাজারের পিএমখালীর ডুলাহাজারা এলাকার মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে এই বৃহৎ কর্মসূচির সূচনা করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তারা বিভিন্ন প্রজাতির মোট ১১ ধরনের বৃক্ষের চারা রোপণ করেন।
সরকারি সূত্র জানায়, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল ক্ষমতায় এলে পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানো। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি শুরু হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়িত এই প্রকল্পের লক্ষ্য হলো বনভূমির পরিমাণ বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ, কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দেশের সক্ষমতা বৃদ্ধি করা।
সরকার জানিয়েছে, কর্মসূচির প্রথম ধাপে দেশের ৪৯টি জেলার ১৪৯টি উপজেলায় প্রায় দেড় কোটি চারা রোপণ করা হবে। পরবর্তী ধাপগুলোতে দেশের বিভিন্ন বনাঞ্চল, উপকূলীয় এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি জমি এবং জনবসতিপূর্ণ অঞ্চলে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।
বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিতভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা গেলে পরিবেশের ভারসাম্য রক্ষা, বনায়ন সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।