বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে ময়মনসিংহে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুনতাসীর মনির নেতৃত্বে মিছিলটি নগরীর ঐতিহাসিক টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়। পরে মিছিলটি গাঙ্গিনাপাড় মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুনবাজারে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুনতাসীর মনি।

তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমান যুবদলের জন্য যে যোগ্য, ত্যাগী ও গতিশীল পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন, তা আগামী দিনের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা এ কমিটিকে স্বাগত জানাই এবং কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ময়মনসিংহের যুবসমাজ সর্বাত্মক সহযোগিতা করবে।”

মিছিল ও সমাবেশে জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।